শিরোনাম

নেত্রকোণা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার সীমান্তে অভিযান চালিয়ে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় মিনি ট্রাকসহ বিপুল পরিমাণ জিরা, ফুচকা এবং কসমেটিকস সামগ্রী আটক করেছে।
আজ শুক্রবার নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি সকাল এগারোটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
৩১ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী বাসস’কে জানান, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর বরুয়াকোনা বিওপি’র ১০ সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। কলমাকান্দা উপজেলার ৮ নং রংছাতি ইউনিয়নের রাজাবাড়ী ব্রিজ নামক স্থানে সীমান্ত মেইন পিলার ১১৮১/২-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে ১.৫ কিমি এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালীন বিজিবি টহল দল একটি ট্রাক দেখতে পেয়ে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আসা ২১০ কেজি ভারতীয় জিরা, ১২৬৪ কেজি ফুচকা এবং ১০০০ পিস পন্ডস পাউডার জব্দ করা হয়।
জব্দকৃত ট্রাকসহ মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ ৭১ হাজার ৪৮০ টাকা।
আটককৃত এসব চোরাচালানি পণ্য নেত্রকোণা কাস্টমস অফিসে জমা করা হবে বলে জানান ৩১ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী।