বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ১৩:১৬

ফেনীতে ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ছবি : বাসস

ফেনী, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস): ফেনীতে ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ফেনী ব্যাটালিনের সদর দপ্তরে এই কার্যক্রম চালানো হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান। এছাড়া ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এডি মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার চয়ন বড়ুয়া, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট এর বিভাগীয় কর্মকর্তা বিকাশ সরকার, ফেনীস্থ র‌্যাবের স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউট নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় জব্দকৃত উল্লেখযোগ্য মাদকদ্রব্য ৩ হাজার ৬২৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ২ হাজার ৯৭ বোতল ফেন্সিডিল, ৩০৬ ক্যান/ বোতল বিয়ার, ৭৬৫.২৩০ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা, ১ লাখ ২২ হাজার ৭শ’ ৯ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট, ৪০ পিস ডার্বিন ক্রিম, ১০ বোতল কৌটা মাদক এবং ১ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। 

পরবর্তীতে এসব পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান বাসস’কে বলেছেন, মাদকদ্রব্য এমন একটি অপশক্তি যা শুধুমাত্র যুব সমাজকেই ধ্বংস করে না, পরিবার তথা সমাজে অশান্তিসহ নানাবিধ সমস্যার সৃষ্টি করে। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সার্বজনীন প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তত বলে তিনি সকলকে আশ্বস্ত করেন। তিনি বিজিবি সদস্যদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ফেনী ব্যাটালিয়ন (৪বিজিবি) এর সদস্যদের মাদক চোরাচালান প্রতিরোধে দক্ষতার সাথে কাজ করায় তাদের ভূয়সী প্রশংসা করেন।