বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ১২:৫৯

রাজশাহী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক পণ্য জব্দ

রাজশাহী, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলার চারঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ (শুক্রবার) ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, চারঘাট থানাধীন সিপাহীপাড়া আমবাগান এলাকা দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য পাচার হয়ে বাংলাদেশে আসবে।

এই তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমবাগানে অবস্থান নেয়। 

রাত আনুমানিক ১২টার দিকে বিজিবি সদস্যরা দেখতে পান যে, দুই ব্যক্তি আমবাগানের দিকে আসছেন। ওই সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে বিজিবি ধাওয়া করে। এসময় সঙ্গে থাকা একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যান তারা।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া প্যাকেটটি তল্লাশি করে ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স উদ্ধার করেন। 

জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বিজিবি আরও জানায়, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি’র পক্ষ থেকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। 

এছাড়াও সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বাহিনীর কঠোর নজরদারি বজায় থাকবে বলেও উল্লেখ করা হয়।