বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৯:৪৪

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

কক্সবাজার, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : পর্যটন শহর ও টেকনাফে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ও অটোরিকশা চাপায় এই প্রাণহানির ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকাল ও দুপুরে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকা এবং টেকনাফের মেরিন ড্রাইভে এই দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন : কক্সবাজার শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী মোহাম্মদ কামরুল (১৮), মহেশখালী উপজেলার বাসিন্দা ও শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারী কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মৃত সিকদার আলীর ছেলে ইসহাক আহমদ (৬৫)।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, ‘দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা আহতদের চাপা দেয়।’
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ’ুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

অন্যদিকে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় মেরিন ড্রাইভে মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘কক্সবাজারে বেড়াতে আসা দুই পর্যটক মোটরসাইকেলটি ভাড়া নিয়ে টেকনাফ যাচ্ছিলেন। পথে মারিশবুনিয়া এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় পথচারী ওই বৃদ্ধকে তারা ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. শহীদুল আলম জানান, দুপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় আহত তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।