বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৭:৩১

লালমনিরহাটে অস্বাস্থ্যকর খাবার বিক্রিতে জরিমানা ও কারাদণ্ড

লালমনিরহাট, ২ এপ্রিল (বাসস): জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পঁচা-বাসি দই-মিষ্টি বিক্রির অভিযোগে ‘সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানটির ম্যানেজার ইকবাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা জজ আদালতের পার্শ্ববর্তী এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং নিম্নমানের ও দুর্গন্ধযুক্ত দই-মিষ্টি বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটি নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়। পাশাপাশি দায় স্বীকার করায় সংশ্লিষ্ট ব্যবস্থাপককে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, ‘অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ প্রতিরোধে জেলা প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।’