বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৭:২১

ফুলবাড়ীতে অবৈধভাবে পুকুর খনন, এক ব্যক্তির জরিমানা

কুড়িগ্রাম, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধভাবে কৃষি জমি কেটে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আক্তার।

জানা গেছে, স্থানীয় কৃষক মোহাম্মদ রিপন মিয়া অনুমোদন ছাড়াই কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন করছিলেন। এ সংক্রান্ত খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

এ বিষয়ে ইউএনও দিলারা আক্তার বলেন, কৃষিজমি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।