বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৭:১০

চাঁদপুরে জাটকা ধরায় ৩২ জেলে আটক 

ছবি : বাসস

চাঁদপুর, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার দায়ে ৩২ জেলেকে আটক করেছে টাস্কফোর্স। এর মধ্যে ২৬ জনের বিরুদ্ধে নৌ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বাকি দুই জেলে অসুস্থ্য এবং ৪জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

মামলার আসামি জেলেদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

সদর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত সদর উপজেলার আখনের হাট থেকে বহরিয়া পর্যন্ত মেঘনা নদীর উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স।

এ সময় জাটকা ধরা অবস্থায় হাতেনাতে ৩২ জেলে আটক, দুটি মাছ ধরার নৌকা জব্দ, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও আনুমানিক ২০ কেজি জাটকা জব্দ করা হয়।

জেলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, অভিযানে আটক জেলেদের বিরুদ্ধে নৌ থানায় মৎস্য আইনে পৃথক ১০টি নিয়মিত মামলা করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল ও নৌকা থানা হেফাজতে রয়েছে। জাটকাগুলো গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, চাঁদপুর নৌ থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করেন।