শিরোনাম

সাভার, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে উল্লেখ করে ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও ডাকসু’র সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, কৃষকরাই সরকারের মূল ভিত্তি।
বৃহস্পতিবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নে ঢাকা-২ আসনের অন্তর্গত ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নের কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার। এরই ধারাবাহিকতায় আসছে পহেলা বৈশাখে কৃষকদের সুবিধার কথা চিন্তা করে, কৃষি কার্ড প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে, সরকার কৃষকদের নেওয়া ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করেছে উল্লেখ করে তিনি আরও জানান, পর্যায়ক্রমে বিএনপি’র দেওয়া সকল নির্বাচনী প্রতিশ্রুতিই প্রধানমন্ত্রী তারেক রহমান বাস্তবায়ন করবেন।
সাভার উপজেলর ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ ১ মৌসুমে উফসী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সাভার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সাভার উপজেলার তেঁতুলঝোড়া ও ভাকুতর্তা ইউনিয়নের ৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে বিনা ধান-২১, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।