বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৬:২৭

চাঁদপুরে দেড় লাখ মিটার জাল ও মাছ জব্দ

ছবি : বাসস

চাঁদপুর, ২ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার হাইমচরে অভিযান চালিয়ে দেড় লাখ মিটার জাল, ৩০ কেজি জাটকা ও ১০০ কেজি অন্যান্য মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড (টাস্কফোর্স)। 

চলমান অভয়াশ্রম ও জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার মেঘনা উপকূলীয় এলাকার চরভৈরবী ও আমতলিতে এ অভিযান পরিচালনা করা হয়।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন, হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বি.এম. আশরাফুল হক।

মৎস্য কর্মকর্তা বলেন, সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার চরভৈরবী ইউনিয়নের খুরশীদ আলীর মোড় (খুইশ্যার মোড়) ও আমতলী এলাকায় উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১ লাখ মিটার কারেন্ট জাল, ৫০ হাজার মিটার অন্যান্য জাল, ৩০ কেজি জাটকা এবং ১০০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত জাল কোস্টগার্ড নয়ানী আউটপোস্ট এলাকায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এ অভিযানে কোস্টগার্ড নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসির উদ্দীনসহ কোস্টগার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।