শিরোনাম

খুলনা, ২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার ফুলতলা উপজেলার ইস্টার্ন গেট এলাকার মেসার্স নওশীন এন্টারপ্রাইজ নামক একটি পেট্রল পাম্পে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ হাজার ২৩৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন। এই অভিযোগে পেট্রল পাম্পকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার রাতে র্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
র্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম বাসস’কে জানান, বুধবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার ফুলতলা উপজেলার ইস্টার্ন গেট এলাকায় মেসার্স নওশীন এন্টারপ্রাইজে এই অভিযান চালানো হয়। অভিযানে পেট্রল পাম্প থেকে মোট ৭ হাজার ১২৫ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। তবে, জব্দকৃত জ্বালানির মধ্যে ৫ হাজার ৮৯০ লিটার আইনসম্মতভাবে অনুমোদিত থাকায় সেটি ছেড়ে দেয়া হয় এবং অনুমোদনবিহীন ১ হাজার ২৩৫ লিটার জব্দ করা হয়।
পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজওয়ানুর রশিদ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।