বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৫:৩৬

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর, ২ এপ্রিল, ২০২৬ (বাসস): লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় একটি ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে ওই এলাকার ‘এনবিসি ব্রিকস’ (যা স্থানীয়ভাবে আকবর কোম্পানি নামে পরিচিত) নামক ভাটায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত শ্রমিকরা হলেন, সদর উপজেলার ভবানীগঞ্জের সেলিম উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৮) ও একই এলাকার তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালেও শ্রমিকেরা ইটভাটায় কাজ করছিলেন। দুপুরে কাজ শেষে টিনের তৈরি একটি ঘরে বিশ্রাম নিতে যান দুই শ্রমিক। এ সময় অসাবধানতাবশত ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তারা মারাত্মকভাবে আহত হন। পরে তাদের দুইজনকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।