বাসস
  ০২ এপ্রিল ২০২৬, ১৫:৩৪

খুলনায় ইমামদের ৬১১তম রিফ্রেসার্স কোর্সের সনদ প্রদান

ছবি : বাসস

খুলনা, ২ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলায় ইমাম প্রশিক্ষণ একাডেমি খুলনা কেন্দ্রের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ৬১১তম রিফ্রেসার্স কোর্সের সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর বয়রাস্থ্ ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়। 

ইমাম প্রশিক্ষণ একাডেমির খুলনার উপ-পরিচালক এ বি এম তবিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার। 

প্রধান অতিথি পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, সাধারণ মানুষ পুলিশের চেয়ে আলেমদের কথা বেশি গুরুত্ব দিয়ে শোনেন, কারণ সেখানে থাকে বিশ্বাস, ভালোবাসা ও আস্থা। তিনি খুতবায় কোরআন-হাদিসের পাশাপাশি সমসাময়িক সামাজিক সমস্যা, ন্যায়বিচার, পারিবারিক বন্ধন ও মানবিক মূল্যবোধ তুলে ধরার পরামর্শ দেন। এতে মানুষ সচেতন হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। 

তিনি আরো বলেন, মাদক একটি পরিবার, সমাজ এমনকি পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। তাই মসজিদের খুতবা ও ওয়াজ মাহফিলে মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর দিক এবং এ থেকে দূরে থাকার বিষয়ে মানুষকে সচেতন করতে আলেমদের এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে সঠিক পথে রাখার ক্ষেত্রে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।