শিরোনাম

রাঙ্গামাটি,২ এপ্রিল, ২০২৬(বাসস): জেলার কাউখালী উপজেলায় গত ২০১৯ সালে বন্য হাতির আক্রমণে মেশি মারমা নামের এক নারী মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে তিন লাখ টাকার চেক প্রদান করেছে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ।
আজ বৃহস্পতিবার সকালে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ জেলার কার্যালয়ে মৃত মেশি মারমার স্বামী পাইঅং মারমার কাছে তিন লাখ টাকার চেক প্রদান করেন ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ রাঙ্গামাটির বিভাগীয় কার্যালয়ের উপ-বন সংরক্ষক মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়া।
এ সময় রাঙ্গামাটি ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান, কাউখালী উপজেলার কাশখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল জলিল, সাবেক রেঞ্জ কর্মকর্তা আব্দুর গফুরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন বিধিমালা অনুযায়ী বন্য প্রাণীর আক্রমণে কেউ মারা গেলে যথাযথ নিয়মে আবেদন করলে তার পরিবারকে তিন লাখ টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন, রাঙ্গামাটি বিভাগীয় কার্যালয়ের উপ-বন সংরক্ষক।