বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ২০:৪৬

সুনামগঞ্জে মজুদকৃত দুইহাজার ৮০ লিটার জ্বালানি তেল জব্দ 

ছবি: বাসস

সুনামগঞ্জ, ১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার জামালগঞ্জ উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স -এর অভিযানকালে মজুদকৃত দুইহাজার ৮০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিবুর রহমান। 

টাস্কফোর্স সূত্রে জানা যায়, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুদ ও পাচার রোধে জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিবুর রহমানের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাচনা বাজারের একটি বন্ধ দোকানে তল্লাশি চালিয়ে মজুদকৃত দুইহাজার ৮০ লিটার জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করা হয়। জব্দকৃত এ ডিজেল পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের বার্জ ডিপো ম্যানেজারের জিম্মায় রাখা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু চক্র যাতে তেল মজুদ বা পাচার করতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।