শিরোনাম

কক্সবাজার, ১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার চকরিয়া উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে বকেয়া মনি (৭) ও হুজাইফা জান্নাত (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু বকেয়া মনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বালুর চর এলাকার হেলাল উদ্দিনের মেয়ে এবং মৃত শিশু হুজাইফা জান্নাত একই উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগরঘোনা চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে। দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু বকেয়া মনি মায়ের সঙ্গে কয়েক দিন আগে নানার বাড়ি চকরিয়া উপজেলার সওদাগরঘোনা চারা বটতলী এলাকায় বেড়াতে যায়। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বকেয়া মনি মামাতো বোন হুজাইফা জান্নাতকে সঙ্গে নিয়ে নানাবাড়ির অদূরে একটি পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু পুকুরে পড়ে যায়। পরে স্বজনেরা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় শিশু বকেয়া মনি ও হুজাইফা জান্নাতকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জায়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।