বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ২০:১৩

সাতক্ষীরার সীমান্তে ভারতীয় মালামাল জব্দ 

ছবি: বাসস

সাতক্ষীরা, ১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার কলারোয়া উপজেলার মাদরা বিওপির আওতাধীন ভাদিয়ালী সীমান্ত থেকে এসব শাড়ি জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারত থেকে শাড়ির একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ভারতীয় শাড়ির চালানটি জব্দ করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়। জব্দকৃত শাড়িরগুলোর সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় শাড়িগুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।