শিরোনাম

ঢাকা, ১ এপ্রিল, ২০২৬ (বাসস): গাজীপুরের পুবাইলে যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় প্রশাসন।
গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবির) একটি আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১২টা ১০ মিনিটে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাজীপুরের পুবাইলে অবস্থিত মেসার্স তুরাগ ফিলিং স্টেশনে বিশেষ অভিযান চালায়। এই অভিযানে মেসার্স তুরাগ ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুতকৃত ৮৫১ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার অপরাধে ওই ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ আল ফেরদৌস জানান, বিজিবি দেশের জ্বালানি খাতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ মজুত ও পাচার প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে।