শিরোনাম

কুমিল্লা, ১ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার চৌদ্দগ্রাম উপজেলায় আজ পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
বুধবার ভোর ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।
মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দিন বাসসকে জানান, ভোর প্রায় পৌনে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার গাংরা এলাকায় একটি কাভার্ডভ্যান বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একই লেনে দ্রুতগামী আরেকটি কাভার্ডভ্যান এসে বিকল গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বিকল কাভার্ডভ্যানের চালক ওমর ফারুক (৪৫) নিহত হন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, দুপুর সোয়া ১২টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা সদরে মহাসড়ক পারাপারের সময় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় হাজেরা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনাটি সোনালী ব্যাংকের সামনে ঘটে।
পুলিশ জানায়, উভয় ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।