বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৭:১৮

হবিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জ, ১ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলার নবীগঞ্জ উপজেলার শৌলাগড় হাওরে বজ্রপাতে ফরাস মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। 

আজ বুধবার দুপুরের দিকে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের পার্শ্ববর্তী শৌলাগড় হাওরে এ ঘটনা ঘটে।
ফরাস মিয়া ছোট ভাকৈর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের সামছুল ইসলাম (২২), জায়েদ মিয়া (২৬) ও হাফিজুর রহমান (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ফরাস মিয়া নিজের ধানক্ষেত দেখতে হাওরে যান। একই সময় সামছুল ইসলাম, জায়েদ মিয়া ও হাফিজুর রহমান হাওরে ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি ছনের ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘরের ভেতরে থাকা চারজনই আহত হন। এতে ঘটনাস্থলেই ফরাস মিয়ার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামছুল ইসলাম ও জায়েদ মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেলে পাঠান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।