শিরোনাম

টাঙ্গাইল, ১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের পাশে সোনালু, জারুল ও নিম চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইল সড়ক বিভাগের উদ্যোগে টঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী।
এ সময় টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন সহ টাঙ্গাইল বন বিভাগ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিকল্পিতভাবে সড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আজ সোনালু,জারুল ও নিম গাছের ৫ শতাধিক চারা রোপন করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি এসব বৃক্ষ পথচারী ও যাত্রীদের জন্য ছায়া প্রদানে সহায়ক হবে।
টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।