বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৬:৫৬

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি : বাসস

পিরোজপুর, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন ও সড়ক বিভাগ যৌথভাবে সরকারের জাতীয় কর্মসূচি হিসেবে এ উদ্যোগকে বাস্তবায়ন করছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের বেকুটিয়া ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নেওয়ার মানসিকতা গড়ে তোলাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা বাাড়তে হবে।

জেলা পরিষদের প্রশাসক বলেন, সবুজ বাংলাদেশ গড়তে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবির, কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান নাছিম আলী ও জেলা কৃষক দলের সভাপতি নাসিরউদ্দিন বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পিরোজপুর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ৫ বছরে সড়ক বিভাগের আওতাধীন সড়কের দুই ধারে প্রতি বছর ২ হাজার করে মোট ১০ হাজার বৃক্ষ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।