বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৬:৩৩

চট্টগ্রামে চোলাই মদ কারখানা ধ্বংস, গ্রেফতার ৬ 

চট্টগ্রাম, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পুলিশের একটি দল এক অভিযান চালিয়ে একটি অবৈধ চোলাই মদ কারখানা ধ্বংস করেছে। এ সময় ছয় জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) চান্দগাঁও থানার এসআই মো. শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে দক্ষিণ মোহরা আলী আকবরের ভবনে অভিযান পরিচালনা করে চোলাই মদের কারখানা ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, এ সময় ছয় জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— খাগড়াছড়ির বাঘাইছড়ি থানার সারোয়াতলী ইউপির শিজক এলাকার ললিত কুমার চাকমার ছেলে রিপন চাকমা, গুইমারা থানার হাকছড়ি ইউপির ছোট কালাপানি এলাকার যদুরঞ্জন চাকমার ছেলে বিপ্লব চাকমা ও মেয়ে রেবিকা চাকমা, সিন্দুকছড়ি ইউপির কলাছড়ি পাড়ার অসখ কুমার চাকমার ছেলে বাবুধন চাকমা ও নাইক্ষ্যংছড়ি থানার দুল্যাতলী ইউপি’র কৈলাস মহাজন পাড়ার হরিমোহন চাকমার মেয়ে টুনি চাকমা (৩৯) ও ছেলে কৌশল বিকাশ চাকমা। 

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত সামগ্রীতে রয়েছে ৫১০ লিটার চোলাই মদ, পানি মিশ্রিত ১ হাজার লিটার গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ, ২টি সিলভারের ছিদ্রযুক্ত পাতিল, ২টি কড়াই সদৃশ সিলভারের পাতিল, ৩টি বড় পাতিল ও ৫০টি প্লাস্টিকের সেলাইনের প্যাকেট।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন মামুন জানান, গ্রেফতারকৃতরা পার্বত্য জেলা থেকে উপকরণ সংগ্রহ করে ভাড়া করা বাসায় কারখানা স্থাপন করেছিল এবং অবৈধভাবে উৎপাদিত মদ চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় বিক্রি করার পরিকল্পনা করেছিল। 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।