বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৬:০৫

নেত্রকোণায় হজ্বযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বুধবার জেলায় ২০২৬ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বে গমনেচ্ছুদের ‘হজ্ব বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

নেত্রকোণা, ০১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় ২০২৬ সালের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্বে গমনেচ্ছুদের ‘হজ্ব বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উদ্যোগে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় নেত্রকোণা পাবলিক হলে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন। 

কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-শিক্ষা কার্যক্রমের কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ মুক্তাছিম বিল্লাহ, হাবের প্রতিনিধি মাওলানা আব্দুল্লাহ এবং দুগিয়া আব্বাছিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আবুল ফাত্তাহ্ মো. মহিউদ্দিন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এই প্রশিক্ষণে হজ্বযাত্রীদের হজ্বের বিধি-বিধান, নিরাপত্তা এবং সৌদি আরবে অবস্থানকালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা হজ্বযাত্রীদের পবিত্র হজ্বের সফরকে ত্রুটিমুক্ত ও সহজ করতে এই প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। 

এ কর্মশালায় জেলার ১০টি উপজেলার ৪০০ জনেরও বেশি নিবন্ধনকারী হজ্বযাত্রী অংশগ্রহণ করেন।