শিরোনাম

কুমিল্লা (উত্তর), ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৌন্দর্য্য বর্ধনে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদের সামনে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেছে সড়ক ও জনপথ বিভাগ। এই সড়কের ১০৪ কিলোমিটারের বিভিন্ন অংশে সোনালু, বকুল, কাঞ্চন, কৃষ্ণচূড়া, জারুল ও পলাশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১৫ হাজার গাছ রোপণ করা হবে।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-ুচট্টগ্রাম জাতীয় মহাসড়কে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমজুড়ে মহাসড়কের ডিভাইডার এবং সড়কের দুই পাশে সোনালু, বকুল, কাঞ্চন, কৃষ্ণচূড়া, জারুল ও পলাশসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হবে।
সংশ্লিষ্টরা জানান, অতীতের ধারাবাহিকতায় মহাসড়ককে নান্দনিকভাবে সাজিয়ে তুলতে এসব ফুলগাছ রোপণ করা হচ্ছে। এতে একদিকে মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্বোধন কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম খান, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় সহকারী প্রকৌশলী আদনান ইবনে হাসান,মোহাম্মদ সফিকুল ইসলাম ভূঁঞা ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. আখতার হোসেন ও সদর দক্ষিণ উপজেলা প্রশাসন।