বাসস
  ০১ এপ্রিল ২০২৬, ১৫:০৪

রাজশাহীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

ছবি: বাসস

রাজশাহী, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব-৫। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি ৫৮০ গ্রাম গান পাউডার ও ২ কেজি ১৪০ গ্রাম কাঁচের গুঁড়া জব্দ করা হয়।

 আজ বুধবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৫-এর একটি দল গতকাল  রাত সাড়ে ৯টার দিকে বিজয়নগর এলাকায় অবস্থান নেয়। অভিযানে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগ থেকে ককটেল তৈরির প্রধান উপকরণ গান পাউডার এবং একটি শপিং ব্যাগ থেকে স্প্লিন্টার হিসেবে ব্যবহৃত কাঁচের গুঁড়া উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামতসমূহ রাতেই জিডি করে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।