শিরোনাম

রংপুর, ১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ড. মোহাম্মদ শফিউল হক রচিত ‘বাংলার গর্ব কাজী শেখ রিয়াজউদ্দিন আহমেদ (ঐতিহাসিক, সমাজ সংস্কারক ও কিংবদন্তী লাঠিয়াল)’ বইটি মঙ্গলবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।
নগরীর বিশিষ্ট সামাজিক-সাংস্কৃতিক ও সাহিত্যিক সংগঠন রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদ (আরএসএসপি) নগরীর টাউন হল চত্বরে অবস্থিত তাদের কার্যালয়ে আলোচনা সভা ও বইটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আরএসএসপি’র উপদেষ্টা, সাবেক সভাপতি, আলোচক ও বইটির লেখক অংশগ্রহণ করেন।
আরএসএসপি’র সভাপতি ড. নাসিমা আক্তার অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মামুন উর রশিদ।
অনুষ্ঠানে ড. নাসিমা আক্তার রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে লেখক ড. মোহাম্মদ শফিউল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আরএসএসপি’র সহ-সভাপতি সুনীল সরকার স্বাগত ভাষণ দেন এবং সামিমা আক্তার খানম লিমা লেখকের পরিচিতি পাঠ করেন।
বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহ আলম ও অধ্যাপক আতাহার আলী খান বইটি নিয়ে একটি বিশ্লেষণধর্মী আলোচনা করেন।
পরে, আরএসএসপি’র কার্যনির্বাহীরা আমন্ত্রিত অতিথি ও বইটির লেখকের সঙ্গে বইটির প্রচ্ছদ উন্মোচন করেন।
সাহিত্যিক পূর্ণিমা রাজ প্রখ্যাত ইতিহাসবিদ, সমাজ সংস্কারক ও কিংবদন্তি লাঠিয়াল কাজী শেখ রেয়াজউদ্দিন আহমেদের শৈশবকাল থেকে তার সমগ্র জীবনী উপস্থাপন করেন।
অনুভূতি ব্যক্ত করেন আরএসএসপি উপদেষ্টা অধ্যাপক আবদুস সোবহান, মুক্তিযোদ্ধা সুশান্ত চন্দ্র খান, কবি, লেখক নারায়ণ চন্দ্র বর্মা, আমজাদ হোসেন সরকার, অ্যাডভোকেট মাসুম হাসান, আরএসএসপি’র সাবেক সভাপতি স্বাতিক শাহ আল মারুফ, আজীবন সদস্য লেখক মাজহারুল মোরশেদ ও লেখকের ছেলে ডা. সাজিদুল হক প্রমুখ।
এই প্রকাশনা অনুষ্ঠানে বইটির লেখক ড. মোহাম্মদ শফিউল হক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া কামনা করে বক্তব্য রাখেন।