শিরোনাম

চট্টগ্রাম, ৩১ মার্চ, ২০২৬ (বাসস): চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় ব্যাংক জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ২টার দিকে নগরের বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ।
গ্রেফতার মহিউদ্দিন, নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসিকপুর এলাকার হাজি মো. সিদ্দিকুর উল্লাহ বাড়ির মো. হারুন আর রশিদের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের হালিশহর থানার হালিশহর আবাসিক এলাকার ব্লক-এ এলাকার বাসিন্দা।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর মামলা নম্বর ১ (১০ ফেব্রুয়ারি, ২০২৬) এর তদন্তে উঠে আসে, সিটি ব্যাংক পিএলসির আগ্রাবাদ করপোরেট ডিভিশনের গ্রাহক ফোর এইচ গ্রুপের একটি হিসাব থেকে ব্যাংকের এক সিনিয়র কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা নিজের ব্যাংক হিসাবে স্থানান্তর করেন মহিউদ্দিন। পরে তিনি ওই অর্থ আত্মসাৎ করে অন্যত্র স্থানান্তর ও রূপান্তর করেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে নগরের বহদ্দারহাট এলাকা থেকে মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিকে জামিন দিলে মামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট এবং পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।