শিরোনাম

বরিশাল, ৩১ মার্চ ২০২৬ (বাসস): জেলার বাকেরগঞ্জ উপজেলায় আজ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস, ইজিবাইক (ব্যাটারি চালিত অটোরিকশা) ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে হেমায়েত রাজা (৪০) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া রেইন্ট্রিতলা নামক এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেমায়েত রাজা জেলার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের রুস্তম আলী রাজার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এ দুর্ঘটনায় তার ছেলে নাঈম রাজা সহ ১০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে পটুয়াখালীর কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। একই সময় বাকেরগঞ্জের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত একটি ইজিবাইক। এছাড়া এসময় বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে যাচ্ছিল একটি মোটরসাইকল। বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া রেইন্ট্রিতলা নামক এলাকায় ঘটনাস্থলে ইজিবাইকটিকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি বাসের সামনে এসে যায়। তখন বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা এবং মোটরসাইকেলটি চাপা দিয়ে রাস্তার পাশে খাদায় পড়ে যায়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই যাত্রী হেমায়েত রাজার মৃত্যু হয়।
পরে আহতদের মধ্যে ৭ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তিনজনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার বাকেরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, দুর্ঘটনা কবলিত বাস, অটোরিকশা (ইজিবাইক) এবং মোটরসাইকেল -তিনটি যানবাহনই জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।