বাসস
  ৩১ মার্চ ২০২৬, ২০:১৮
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ২১:৪৯

বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় অভিযান, রাজস্ব স্ট্যাম্প জব্দ

ছবি : বাসস

বগুড়া, ৩১ মার্চ ২০২৬ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলায় আজ অবৈধ সিগারেট কারখানায় অভিযানকালে বিপুল পরিমাণ নকল সিগারেট, তৈরির সরঞ্জাম এবং ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র (অতিরিক্ত পুলিশ সুপার) আতোয়ার রহমান।

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে একটি ভাড়া বাসায় অভিযানকালে এসব মালামাল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় আটককৃতরা হলেন- সজিব ইসলাম (২০), মো. রাকিব ইসলাম (২২) ও কামরুজ্জামান (২২)। তাদের তিনজনের বাড়ি নীলফামারী জেলার সদর উপজেলার চরচরাবাড়ী দক্ষিণপাড়া এলাকায়। 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, অভিযানকালে ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প জব্দ করা হয়েছে যার আনুমানিক মূল্য ৬৪ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট ও সিগারেটের খালি প্যাকেট এবং প্যাকেট মোড়ানোর কাজে ব্যবহৃত দু’টি পলিথিন রোল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।