শিরোনাম

পটুয়াখালী, ৩১ মার্চ ২০২৬ (বাসস): জেলার বাউফল উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে বাউফল উপজেলার নূরাইনপুর বাজার ও ধুলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলু।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নূরাইনপুর বাজার ও ধুলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন লঙ্ঘনের দায়ে মো. মাসুম খান ও মো. কাওসার নামের দুই ব্যক্তিকে পৃথকভাবে ২ হাজার টাকা করে মোট চারহাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. মাসুম খান (৪৬) জেলার বাউফল উপজেলার নূরাইনপুর বাজারের মৃত শাহজাহান খানের ছেলে এবং অপর দন্ডপ্রাপ্ত মো. কাওসার (৩০) একই উপজেলার ধুলিয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।
এসময় বাউফল উপজেলা প্রাণিসম্পদ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু রায়হান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।