বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৭:৫২

ফরিদপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

ছবি : বাসস

ফরিদপুর, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় আজ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। 
ফরিদপুর পৌরসভার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল) মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। 

ফরিদপুর পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান।

এসময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শহরে মশার উপদ্রব অনেক বেড়ে গেছে। ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। এ জন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার বংশ বিস্তারস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও জানান, রাস্তা ও জনসাধারণের স্থান দখলমুক্ত রাখতে পৌরসভা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করবে।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ পার্শ্ববর্তী একটি পুকুর পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, পৌর নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) সৈয়দ মো. আশরাফ, সহকারী প্রকৌশলী (সিভিল) আশিকুর রহমান প্রমুখ।