বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৭:৪৬

লালমনিরহাটে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

লালমনিরহাট, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় চলমান মাদকবিরোধী অভিযানে ভারতীয় ইস্কাফ ও ফেয়ারডিল সিরাপসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালানো হয়। এর মধ্যে জেলার হাতীবান্ধা উপজেলার খামারভাতী এলাকায় ঝাউরানী বিওপির টহল দল রাত ৮টা ৪০ মিনিটে অভিযান চালায়। একই রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকায় বাগভান্ডার বিওপির সদস্যরা রাত ৮টা ১৫ মিনিটে আরেকটি অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে টহল দল ধাওয়া করলে তারা মালামাল ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৯৬ বোতল ইস্কাফ সিরাপ, ৭৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ১০ কেজি জিরা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যসহ জিরার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, জড়িত চোরাকারবারিদের শনাক্তে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বাসসকে জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে তা আরো জোরদার করা হবে।