বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৫:৩১

গাজীপুরে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

জেলার কোনাবাড়ীতে একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

গাজীপুর, ৩১ মার্চ, ২০২৬ (বাসস): জেলার কোনাবাড়ীতে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত করা ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ মজুতের দায়ে ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে।

গতকাল সোমবার দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেনসহ প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল মজুত অবস্থায় পাওয়া যায়।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ অকটেন মজুদ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি তেল নেই বলে বিক্রয় বন্ধ রেখেছিল। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বাসসকে জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার আবুল কাশেম বাবুল (৬০) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।