বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৪:৩০

চাঁদপুরে জাটকা ধরায় ১৭ জেলের জরিমানা

চাঁদপুর জেলার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাসস

চাঁদপুর, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার ভোরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় প্রত্যেক জেলেকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।

আজ দুপুরে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। 

অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-শেখ ফরিদ (৩০), মো. মাইনুদ্দিন (২০), বিল্লাল হোসেন (২৮), মো. বশির (২৩), রাসেল সরকার (৩২), ইউসুফ আলী (২০), শরিফুল ইসলাম (১৮), ফারুক আলম (২৮), জাহিদ হাসান (২৫), আব্বাস আলী (৩২), মো. ইসলাম (৩২), মো. ইব্রাহীম (৩৮), মো. শামীম (২০), মো. রফিক (২০), ইয়াছিন মাল (২০) মনির হোসেন (৩২) ও মো. দ্বীন ইসলাম (২৪)। তাদের বাড়ি চাঁদপুর সদর, মতলব উত্তর ও লক্ষীপুর জেলার কমলনগর উপজেলায়।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বাসসকে বলেন, গতকাল সোমবার বিকেল ৫টা থেকে আজ ভোর ৩টা পর্যন্ত সদর উপজেলার আখনেরহাট, চেয়ারম্যান স্টেশন, হরিণা ঘাট বহরিয়া, মিনি কক্সবাজার, পৌর এলাকার টিলাবাড়ি, সদরের আনন্দবাজার, লালপুর ও গাজীপুর টেক এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে জাটকাসহ হাতেনাতে ১৭ জেলেকে আটক করে। 

এ সময় জেলেদের সঙ্গে থাকা ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ করা হয়। কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উল্লেখ্য, জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা ও মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ রয়েছে।