শিরোনাম

চট্টগ্রাম (উত্তর), ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন নিহাদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তানভীর নামের আরও এক কিশোর।
নিহত সাজ্জাদ হোসেন নিহাদ উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মেখল গ্রামের আনন্দবাজার এলাকার আয়নাবাপের বাড়ির শামসুল আলমের ছেলে। তিনি একজন কোরআনে হাফেজ ছিলেন।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলায় মেখল ইউনিয়নের সত্তারঘাট এলাকার হাটহাজারী-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সূত্রে জানা যায়, রাতে উপজেলার সত্তারঘাট এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী সাজ্জাদ ও তার বন্ধু তানভীর সড়কে ছিটকে পড়ে এবং তাদের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাজ্জাদ ও তানভীরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত তানভীরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাাতালে প্রেরণ করা হয়।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজ্জাদ হোসেন নামে এক কিশোর নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।