শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ২৯ মার্চ ২০২৬ (বাসস): জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আজ পানিতে ডুবে অলি ও আলী নামের চারবছর বয়সী যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মুনসী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই যমজ শিশু জেলার বুড়িচং উপজেলার ঘিলাতলা এলাকার বাসিন্দা তারা মিয়ার ছেলে। তারা ব্রাহ্মণপাড়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল দুই যমজ ভাই অলি ও আলী। কিছু সময় পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা বিকালে বাড়ির পাশের ধানক্ষেতের মধ্যে খনন করা একটি অগভীর ডোবার পানিতে দুই শিশুর ভাসমান মরদেহ দেখতে পান।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।