বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৭:৪০

মেহেরপুরে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

মেহেরপুর, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : মেহেরপুর শহরে ইট বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইমন হোসেন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

এ সময় মোটরসাইকেলের চালক ও নিহত ইমনের মামাতো ভাই হুমায়ুন কবির (৪০) আহত হয়েছেন।
আজ রোববার দুপুরে কোর্ট মোড়ের পন্ডের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন শহরের বোসপাড়ার বাবুল হোসেনের ছেলে এবং আহত হুমায়ুন কবির কুষ্টিয়ার কুমারখালীর আবুল খয়েরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন ও হুমায়ুন মোটরসাইকেলযোগে মুজিবনগরের দিক থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। ইট বোঝাই ট্রাক্টরও একই দিক থেকে আসছিল। শহরের পন্ডের ঘাট এলাকায় পৌঁছালে অন্য একটি গম বোঝাই ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। ইজিবাইকে থাকা গম সড়কে ছড়িয়ে পড়ে। এতে চালক হুমায়ুন কবির ও পেছনে থাকা ইমন ছিটকে রাস্তার উপর পড়ে যান। এ সময় পেছন থেকে আসা ইট বোঝাই ট্রাক্টরের চাকা ইমনের শরীরের উপর দিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় ইমন ও হুমায়ুনকে স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন কবির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। লাশ হাসপাতালে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।