শিরোনাম

সুনামগঞ্জ, ২৯ মার্চ, ২০২৬ (বাসস): জেলার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময়ে বালু চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান (৪৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
জানা যায়, আজ রোববার ভোরে প্রতিদিনের ন্যায় জাহাঙ্গীর সদ্দারের নেতৃত্বে গড়কাটি এলাকায় নদীর পাড় কেটে বালু উত্তোলনের কাজ করছিলেন হাবিবুর রহমান সহ আরও কয়েকজন শ্রমিক। এ সময় নিচ থেকে বালু উত্তোলনের সময় উপর থেকে হঠাৎ বালু ধসে পড়ে তারা চাপা পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করলেও গুরুতর আহত অবস্থায় হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, রাতের আধারে নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় এক শ্রমিক বালুর চাপায় পড়ে নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।