শিরোনাম

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে বাগেরহাটের মোংলায় যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড ও নৌ বাহিনী।
আজ রোববার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগতরাত ১টায় কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই এবং অতিরিক্ত জেলা প্রশাসক-এর সমন্বয়ে একটি টিম মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে একটি যৌথ অভিযান চালায়।
অভিযান চলাকালীন উক্ত প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ মেপে এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করে অবৈধভাবে মজুদ করা প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা মূল্যের ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল পাওয়া যায়।
এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অতিরিক্ত জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।