বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১৪:৩১

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত

গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবি : বাসস

বরিশাল, ২৯ মার্চ,২০২৬(বাসস):ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একই পরিবারের দুই সদস্যসহ মোট তিনজন।

আজ রোববার ভোর সোয়া ৫টার দিকে উপজেলার বাটাজোর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারী ইতি (৩৫) বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। আহতরা হলেন নিহতের মেয়ে উপমা চক্রবর্তী (১৬), স্বামী গুরুদাস চক্রবর্তী (৬০) এবং অপর এক যাত্রী পবিত্র মজুমদার (৫০)।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, 'বরগুনাগামী গ্রীনভিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাটাজোর বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের ডান পাশের খাদে পড়ে যায়।

ওসি জানান, এসময় ওই বাসে থাকা যাত্রীদের মধ্যে চারজনকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক ইতিকে মৃত ঘোষণা করে।

আহতদের মধ্যে একজনকে আশংকাজনকবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পরপরই গৌরনদী ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে।