শিরোনাম

খুলনা, ২৯ মার্চ ২০২৬ (বাসস) : খুলনা প্রেসক্লাবের ‘বার্ষিক নির্বাচন-২০২৬’ আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ক্লাবের সাধারণ পরিষদের মুলতবি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।
সভায় খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও অডিটর নিয়োগ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ মার্চ সন্ধ্যা ৭টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ এপ্রিল বিকাল ৪টায়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ এপ্রিল সন্ধ্যা ৭টায়।
৭ এপ্রিল থেকে ৮ এপ্রিল (প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত) মনোনয়নপত্র বিলি করা হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ এপ্রিল বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ১২ এপ্রিল সন্ধ্যা ৬টায় মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৩ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একই দিন সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে।
১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বেধে দেওয়া হয়েছে।
২০ এপ্রিল বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বার্ষিক সাধারণ সভা ২৯ এপ্রিল বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
৩০ এপ্রিল ‘বার্ষিক নির্বাচন ২০২৬’ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ এবং পরপরই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।