বাসস
  ২৮ মার্চ ২০২৬, ২০:২৯

কুমিল্লায় অনিয়মের দায়ে ফিলিং স্টেশনকে জরিমানা

কুমিল্লা, ২৮ মার্চ ২০২৬ (বাসস): জেলার আদর্শ সদর উপজেলায় আজ অনিয়মের দায়ে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

আজ শনিবার আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা নেতৃত্বে তেলিকোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, মেসার্স নাইমুল ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং স্টেশন, মেসার্স ইস্টার্ন সি.এন.জি ফিলিং স্টেশন এবং মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশন সহ মোট ৫টি প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় তেলের মজুদের সঙ্গে স্টক রেজিস্টারের তথ্যের মিল, কৃত্রিম সংকট সৃষ্টি, পরিমাপে কম দেওয়া এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। এসময় তেলিকোনা এলাকার মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।