বাসস
  ২৮ মার্চ ২০২৬, ২০:২৭
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ২০:২৯

নরসিংদীতে অনিয়মের দায়ে হাসপাতাল সিলগালা ও জরিমানা 

ছবি : বাসস

নরসিংদী, ২৮ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ স্বাস্থ্য খাতে বিভিন্ন অব্যবস্থাপনা ও অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি হাসপাতাল সিলগালা এবং আরেকটিকে জরিমানা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃতে শহরের তরোয়া এলাকার নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল এবং নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে লাইসেন্স নবায়ন না করা, ডিউটিরত কোনো ডাক্তার, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারনে নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালকে একলাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে সব অনিয়ম সংশোধন করে কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে অভিযান চালালে সেখানে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। লাইসেন্স নবায়ন না করা, ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন না থাকা, অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন ও পরিচালনার অনুপযুক্ত, লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং বেড অকেজো থাকার মতো অনিয়মের দায়ে হাসপাতালটি সিলগালা এবং ল্যাব রুমের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।