বাসস
  ২৮ মার্চ ২০২৬, ২০:২১

নীলফামারীর তিন উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি 

ছবি : বাসস

নীলফামারী, ২৮ মার্চ ২০২৬ (বাসস) : জেলার জলঢাকা, ডোমার ও ডিমলা উপজেলায় শিলাবৃষ্টিতে ভুট্টাসহ পাঁচশ’ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আজ শনিবার জেলা কৃষি বিভাগ সূত্রে ক্ষয়ক্ষতির এ তথ্য জানা গেছে। 

শুক্রবার দিবাগত মধ্যরাতে নীলফামারী জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যায়। ওইসময় জেলার জলঢাকা, ডোমার ও ডিমলা উপজেলা শিলাবৃষ্টির কবলে পড়ে। এতে করে ওই তিন উপজেলায় ভুট্টা, মরিচ, বোরো এবং কলা ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় জেলায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ডোমার, ডিমলা, জলঢাকা উপজেলায় শিলাবৃষ্টিতে ১৫০ হেক্টর বোরো ক্ষেত, ৩২৫ হেক্টর ভুট্টা ক্ষেত, ১৫ হেক্টর মরিচ ক্ষেত এবং ৩ হেক্টর কলা ক্ষেত ক্ষতির মুখে পড়েছে।

জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালন গ্রামের কৃষক মোনায়েম হোসেন (৫০) বলেন, ‘গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে প্রায় আধাঘন্টা ধরে এক নাগারে শিলাবৃষ্টি হয়। এতে আমার এক বিঘা জমির ভুট্টা ক্ষেত সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে’।

একই গ্রামের মেহেদী হাসান (৪০) বলেন, ‘আমাদের ১৬ বিঘা জমিতে ভুট্টা লাগানো আছে। গতকাল শুক্রবার রাতের শিলার আঘাতে ভুট্টাগাছ ভেঙে পড়েছে। এরমধ্যে যেগুলো গাছ মোচাসহ দাঁড়িয়ে আছে সেগুলো থেকে কিছু পরিমান ভুট্টা পাওয়া যাবে’।

ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ি গ্রামের কৃষক রতন কুমার রায় (৫০) জানান, তার তিন বিঘা জমির ভুট্টা ক্ষেত, বোরো ধান আট বিঘা এবং এক বিঘা জমির আখ ক্ষেত শিলার আঘাতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় গ্রামের কলা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মন্জুর রহমান বলেন, জেলার ডোমার, ডিমলা এবং জলঢাকা উপজেলায় শিলাবৃষ্টি হয়েছে। এর মধ্যে ডোমার উপজলায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি। 

ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাথমিক প্রতিবেদন মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। পূর্নাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণে কাজ চলছে।