শিরোনাম

নড়াইল, ২৮ মার্চ ২০২৬ (বাসস): জেলার কালিয়া উপজেলায় আজ নড়াইলে নদীতে গোসল করতে নেমে রাফিয়া (৬) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরিয়া (৭) নামের আরেকটি শিশু নিখোঁজ রয়েছে।
আজ শনিবার কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে এ ঘটনা ঘটে।
মৃত শিশু রাফিয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামের এনায়েত শেখের মেয়ে। অন্যদিকে, নিখোঁজ শিশু আরিয়া একই এলাকার আবদুল্লাহ শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের শিশু আরিয়া ও শিশু রাফিয়া বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে নামে।
একপর্যায়ে তারা দু’জন নদীর গভীর পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপর শিশু আরিয়ার খোঁজে নদীতে তল্লাশি চালিয়ে চালানো হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে ডুবে দুই শিশু নিখোঁজের পর রাফিয়া নামের একটি শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। অপর নিখোঁজ শিশু আরিয়াকে উদ্ধারের তৎপরতা চলছে।