শিরোনাম

মাগুরা, ২৮ মার্চ ২০২৬ (বাসস): জেলার শ্রীপুর উপজেলায় আজ মাঠে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে সুরুজ আলী (৩৫) নামের একব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মাঠে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আলী পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের গুলবার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ আলী কাজের সন্ধানে পাবনা থেকে মাগুরার শ্রীপুরে গিয়েছিলেন। শনিবার সকালে তিনি শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার থেকে শ্রমিক হিসেবে দুর্গাপুর গ্রামের এক কৃষকের পেঁয়াজ তোলার কাজে যোগ দেন। কাজ করার সময় হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সুরুজ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।