শিরোনাম

শেরপুর, ২৭ মার্চ, ২০২৬ (বাসস) : শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচ তলায় ২৫ হাজার লিটার তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২৭মার্চ) মধ্যরাতে শহরের গোয়ালপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুদ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ১৮ হাজার ৫৮লিটার ডিজেল মজুদ থাকায় আদালত ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং একদিনের মধ্যে তেল ও তেলের ট্যাংকার সরানোর নির্দেশ দেন।
এ বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, প্রচলিত আইন মেনে শিমলা ট্রেডার্সের স্বত্বাধিকারী তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের সব কাগজপত্র আমরা নিয়েছে। এসব কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।