শিরোনাম

নীলফামারী, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপধ্বনির পর শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
পরে সেখানে পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, নীলফামারী পৌরসভা, নীলফামারী প্রেসক্লাব, জেলা কৃষি বিভাগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, জেলা আইনজীবী সমিতি, এনজিও ফেডারেশনসহ বিভিন্ন বেসরকারি সংস্থা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
সকাল নয়টায় নীলফামারী বড়মাঠে জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পুলিশ ও স্কাউট সদস্যদের কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
বেলা সাড়ে ১২টায় সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, বিকেল তিনটায় নীলফামারী বড় মাঠে জেলা প্রশাসন বনাম নীলফামারী পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন মসজিদ, মন্দির, প্যাগোডা ও গীর্জায় জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। অপরদিকে হাসপাতাল, জেলখানা, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন ও শিশুদের জন্য বিভিন্ন বিনোদন কেন্দ্র উন্মুক্ত রাখা হয়।