শিরোনাম

কিশোরগঞ্জ, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান সাব্বির উপজেলার মধ্য মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, সাব্বির কালিয়াচাপড়া বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ববি আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।