শিরোনাম

কুড়িগ্রাম, ২৬ মার্চ, ২০২৬ (বাসস) : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আচার স্নানোৎসব উপলক্ষে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের তীরে লাখো পূণ্যার্থীর সমাগম ঘটেছে। ভোরের আলো ফুটতেই জেলার বিভিন্ন ঘাটে শুরু হয় পুণ্যস্নান।
আজ বৃহস্পতিবার ভোর থেকে নাগেশ্বরীর নুনখাওয়া ঘাট, সদর উপজেলার যাত্রাপুর ঘাট এবং চিলমারী উপজেলার জোড়গাছ ও রমনা ঘাটে কয়েক লাখ পূণ্যার্থী তিথিতে ব্রহ্মপুত্র নদের স্রোতে স্নান করেন।
আয়োজক কমিটি জানায়, বাংলা চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে প্রতিবছর এ স্নান উৎসব অনুষ্ঠিত হয়, যা ‘অষ্টমীর স্নান’ নামে পরিচিত। এ বছর সনাতনী পঞ্জিকা অনুযায়ী পবিত্র স্নানের সময় নির্ধারিত ছিল ভোর ৪টা থেকে সকাল ৭টা ৪৫ মিনিট এবং দুপুর ১২টা ৩ মিনিট থেকে ২টা ৫৯ মিনিট পর্যন্ত।
উৎসবকে কেন্দ্র করে ঘাটগুলোতে নেয়া হয় ব্যাপক প্রস্তুতি। স্থানীয় প্রশাসন ও আয়োজকদের সম্মিলিত উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে অস্থায়ী চিকিৎসা সেবা, শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করে।
ধর্মীয় এই আয়োজন ঘিরে নদীতীরে সৃষ্টি হয় এক ভক্তিময় পরিবেশ। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ব্রহ্মপুত্রের তীর।
স্নান করতে আসা সুজন মোহন্ত বলেন, ঋষি পরশুরাম মাতৃহত্যার পাপ মোচনের জন্য আজকের দিনে এই ব্রহ্মপুত্রে স্নান করেছিলেন। সেই বিশ্বাস থেকেই আমরা এই পবিত্র তিথিতে স্নান করি।
রংপুর থেকে আসা পূণ্যার্থী আদিত্য চৌধুরী বলেন, প্রতিবছর পরিবারসহ এখানে আসি। আমরা বিশ্বাস করি, এই তিথিতে স্নান করলে মনের পাপ দূর হয়।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, কুড়িগ্রামের এই বিশেষ স্নানোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সার্বক্ষণিক মনিটরিং চলছে।